জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে লাল বলের ক্রিকেটে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন জাওয়াদ আবরার। মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের প্রথম শ্রেণির (ফার্স্ট ক্লাস) ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে ভাঙল অলরাউন্ডার জিয়াউর রহমানের ১২ বছর পুরোনো দীর্ঘদিনের রেকর্ড।
বরিশাল বিভাগের হয়ে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালান জাওয়াদ। মাত্র ২২ বলে ফিফটি ছোঁয়ার পর তিনি শেষ পর্যন্ত ৯৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। এর আগে ২০১৪-১৫ মৌসুমে খুলনার হয়ে বরিশালের বিপক্ষে ২৪ বলে ফিফটি করে রেকর্ডটি গড়েছিলেন জিয়াউর রহমান। এবার বরিশালেরই তরুণ ব্যাটার জাওয়াদ সেই রেকর্ড নিজের নামে করে নিলেন।
উল্লেখ্য, টানা তিন বছর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই দ্রুততম ফিফটির নতুন ইতিহাস দেখল দেশ। লিস্ট ‘এ’ (ওয়ানডে) ক্রিকেটে ১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি পারভেজ হোসেন ইমনের এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪ বলে দ্রুততম ফিফটির মালিক হাবিবুর রহমান সোহান। এবার লাল বলের ক্রিকেটেও যুক্ত হলো জাওয়াদ আবরারের এই অতিমানবীয় কীর্তি।


