সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় ফ্রান্স বা প্যারিস একসময় ‘ছবির দেশ, কবিতার দেশ’ হলেও বর্তমান দাঙ্গাবিধ্বস্ত প্যারিস যেন এখন ‘আগুনের দেশ, লুটের দেশ’। আর সেই প্যারিসের পার্ক দে প্রাসে গেল রাতে লুটের শিকার হয়েছে হানসি ফ্লিকের বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৪-২ গোলে হেরে গেছে কাতালানরা। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সার তিলে তিলে গড়া আত্মবিশ্বাসেই বড় ধাক্কা দিল প্যারিসিয়ানরা।
ম্যাচের আগে ১১ ম্যাচে ৪৯ গোল করা বার্সেলোনার আক্রমণভাগ দুর্দান্ত থাকলেও তাদের রক্ষণভাগের দুর্বলতা ও ক্লিন শিট রাখার ব্যর্থতা শুরু থেকেই অস্বস্তিতে রেখেছিল। পিএসজি ম্যাচে চোটের কারণে উসমান দেম্বেলে, কভিচা কভারাৎশখেলিয়া ও মারকিনিয়োসকে হারালেও নিজেদের দাপট বজায় রাখে। প্রথমার্ধে দেজিরে দুয়ে গোল করে পিএসজিকে এগিয়ে দিলেও শাভি এসপার্তের গোলে সমতা ফেরায় বার্সা। এরপর লুকাস এর্নান্দেজ গোল করে পিএসজিকে ফের এগিয়ে দেন। ৭৯ মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোলে সমতা (২-২) আনলেও বার্সার পুরনো দুর্বলতা আবারও প্রকট হয়ে ওঠে।
গোল করার পরপরই খেই হারানোর প্রবণতা থেকে বার্সা হজম করে আরও দুই গোল। ভিতিনিয়ার দূরপাল্লার দুর্দান্ত শট এবং ফাবিয়ান রুইজের গোলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে পিএসজি। প্যারিসে এমন বড় হারের ক্ষত এবং আত্মবিশ্বাসে পতন নিয়ে দলটিকে এবার নামতে হবে আসন্ন কঠিন ‘এল ক্লাসিকো’র লড়াইয়ে।


