মাঠে আচরণ ও শারীরিক ভাষার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে বিরাট কোহলিকে অনেকেরই ‘অহংকারী ও দাম্ভিক’ বলে মনে হতো বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবি ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স জানান, তরুণ বয়সে কোহলির ভেতরে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, যা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হতো। তিনি বলেন, “বিরাটের বয়স যখন ১৯ থেকে ২১ বছর ছিল, তখন সে অত্যন্ত আত্মবিশ্বাসী এক তরুণ ছিল। প্রথম দেখায় তাকে দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হতো এবং আমারও প্রথম ধারণা ঠিক সেটাই ছিল। তবে সাফল্য পাওয়ার জন্য নিজের দক্ষতার ওপর এমন অগাধ ভরসা রাখা জরুরি।”
প্রোটিয়া এই সাবেক অধিনায়ক আরও ব্যাখ্যা করেন, সময়ের সাথে সাথে এবং ব্যক্তি ও ক্রিকেটার হিসেবে কোহলি যখন আরও পরিপক্ব হয়ে উঠেছেন, তখন সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয়টি ফিকে হয়ে এসেছে। তরুণ বয়সে নিজেকে প্রমাণ করার যে তাড়না ছিল, ক্যারিয়ারের সফলতা ও বয়সের বাড়ার সাথে সাথে তাতে স্থায়িত্ব এসেছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।


