ভারতের রাজনীতিতে সেলিব্রেটিদের অংশগ্রহণ নতুন নয়। এবার রাজনৈতিক শিবির বদলালেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। রাজ্যসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তাঁকে প্রার্থীও করেছে বিজেপি।
সোমবার বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল। বিজেপির পক্ষ থেকে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা।
এর একদিন আগেই পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে প্রার্থী করার ঘোষণা দেয় বিজেপি। পরে রাজ্যসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্রও জমা দেন তিনি।
এর আগে চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন কোয়েল। তবে কয়েক মাসের মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার বিজেপিতে যোগ দিয়ে আবারও রাজ্যসভায় ফেরার পথে পা বাড়ালেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান কোয়েল। তিনি বলেন, ‘বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক।’
অন্য রাজনৈতিক দলকে ছোট করতে চান না বলেও জানান তিনি। কোয়েলের ভাষ্য, প্রত্যেকটি দল নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। তবে বর্তমানে যে দল উন্নয়নের কাজ করছে বলে তাঁর মনে হয়েছে, সেই দলের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে চান তিনি।
রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোয়েল জানান, পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করতেই তাঁর এই সিদ্ধান্ত।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে কোয়েলের এই নতুন অধ্যায় এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়ার কয়েক মাসের মধ্যেই পদত্যাগ এবং পরে বিজেপিতে যোগ দিয়ে একই আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁর রাজনৈতিক যাত্রায় এসেছে বড় পরিবর্তন।


