শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে প্রশ্ন করল এক শিশু। সরাসরি জানতে চাইল, ‘জায়মা আপু কেন আসেননি?’ শিশুটির প্রশ্নের উত্তরও হাসিমুখে দেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ এবং প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।
একপর্যায়ে এক শিশু প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, ‘জায়মা আপু কেন আসেননি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, জায়মা আপু তো এখানে নেই। বাইরে আছে, সেজন্য আসতে পারেনি।’
এর আগে শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানায় ১৫০ শিশু। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শিশুদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন পর্বের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের সরাসরি কথোপকথনও ছিল। এর মধ্যেই জায়মা রহমানকে নিয়ে শিশুটির প্রশ্ন এবং প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।


