নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তাঁরা। এর সঙ্গে তাঁর নিজের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন।
ফিরোজ হোসেনের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে তাঁরা আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি তাঁদের পথরোধ করেন। অভিযুক্ত ব্যক্তিদের মাথায় হেলমেট ছিল।
এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা। হামলার পর স্থানীয় লোকজন আহত নাজমুল ও রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।



